আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আমলে রাজধানীর নিউমার্কেট এলাকা সব সময় রণক্ষেত্র ছিল। বর্তমানে সেই পরিস্থিতি নেই। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আওয়ামী লীগ সম্পাদক বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি কুচক্র মহল দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপপ্রচারের পথ বেছে নিয়েছে তারা।
আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, বাংলাদেশের মাথাপিছু আয় সারা বিশ্বে এখন বিস্ময়। বিশ্ব ব্যাংক তারাও মন্তব্য করেছে যে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি তাক লাগিয়ে দিয়েছে। বাংলাদেশকে অনেক দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশ অনেক ভালো আছে।
বঙ্গবন্ধু পরিবারের সুনাম নষ্ট করতে বিএনপি ও তার দোসররা উঠে পড়ে লেগেছে। কিন্তু সততার অনুকম্পা উদাহরণ বঙ্গবন্ধু পরিবার। সাধারণ জীবনযাপনে শেখ হাসিনাকে করে তুলেছে অসাধারণ।
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, এস এম কামাল হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।